
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী ছেলের ছুরিকাঘাতে নিহতের স্ত্রী ও অপর এক ছেলে আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।
নিহত আব্দুল বাছেদ মিয়া ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছেলে, পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক শাকিল চৌধুরী (৩৫) পালিয়ে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, শাকিলের সঙ্গে পরিবারের কোনো বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে বাবা-ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা আব্দুল বাছেদের স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান, শাকিল তার বাবার পেটে ছুরিকাঘাত করছেন।
এ সময় তাকে বাধা দিতে গেলে শাকিল তার মা সখিনা বেগম ও ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, “ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং অভিযুক্ত শাকিলকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।”