এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় পা পিছলে বা লাফিয়ে পড়ে মেঘনা নদীতে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবকের কোনো সন্ধান মেলেনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ‘মুকবুল-২’ লঞ্চে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মুকবুল-২ লঞ্চটি ষাটনল ঘাটে ভিড়ে যাত্রী নামাচ্ছিল। ওই যুবক লঞ্চ থেকে নামার পর বুঝতে পারেন তার ব্যাগটি ভেতরেই রয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তিনি আবার লঞ্চে উঠে ব্যাগটি সংগ্রহ করেন। এরপর লঞ্চটি ফের পেছনের দিকে চলতে শুরু করলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে তিনি ঘাটে লাফ দেন। এ সময় তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।
দুর্ঘটনার পর পরই ‘মুকবুল-২’ লঞ্চটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটিসহ এর দুই স্টাফকে আটক করেন।
খবর পাওয়ার পর পরই বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ এবং মতলব উত্তর থানা পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি শুরু করেন।
আবহাওয়া ও নদীর প্রতিকূল পরিস্থিতির কারণে সড়কপথে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নেয় ফায়ার সার্ভিস। পরবর্তীতে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএর যৌথ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ জানান, বর্তমানে চারজন ডুবুরি নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় ঘটনাস্থলে পাওয়া না গেলে ভাটির দিকেও তল্লাশি চালানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সার্বিক তদারকি অব্যাহত রয়েছে।

