ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ

ডুমুরিয়ায় ৪৫ জলাশয়ে ৩৩৩ কেজি পোনামাছ অবমুক্ত

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!



শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে খুলনার ডুমুরিয়ায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় উপজেলার ৪৫টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয় এবং সিঙ্গার বিলের অনুকূলে মোট ৩৩৩ দশমিক ৩৩ কেজি উন্নত জাতের পোনামাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান। ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার।

এ সময় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মো. রাজিবুল হাসান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, হ্যাচারি/ফার্ম ম্যানেজার খন্দকার মাহবুব সুলতানা, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, আব্দুর রব আকুন্জি, মৎস্যজীবী দলের সভাপতি শেখ মাহবুবুর রহমান ও সদস্য সচিব মো. সেলিম হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, “উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধি এবং মানুষের আমিষের চাহিদা পূরণে রাজস্ব খাতের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সঠিক পরিচর্যা ও সরকারি নির্দেশনা মেনে চললে এ অঞ্চলের মৎস্য উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার জলাশয়গুলোতে অবমুক্ত করা পোনামাছ সুরক্ষায় স্থানীয় মৎস্যজীবী ও সুশীল সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান জানান, চলতি অর্থবছরে উপজেলার ৪৫টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে মোট ৩৩৩ দশমিক ৩৩ কেজি উন্নত জাতের পোনামাছ অবমুক্ত করা হচ্ছে। এ উদ্যোগ স্থানীয় মৎস্যসম্পদের উন্নয়ন ও মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিপুলসংখ্যক মৎস্যজীবী উপস্থিত ছিলেন। পোনামাছ অবমুক্তকরণ শেষে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।