মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
যশোর কেশবপুর উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল তেলপাম্পের অপরপাশে এ ঘটনাটি ঘটে।
ককটেল বিস্ফোরণে জুয়েল সরদার (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার
খানজাহান আলী সরদারের ছেলে। জুয়েল পুলিশের নজরদারিতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে। ওই স্থানে আরো ২টি ককটেল সদৃশ্য বস্তু থাকায় স্থানটি দঁড়ি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরক বিশেষজ্ঞ টিম এসে ওই ২টি ককটেল সদৃশ্য বস্তু নিষ্ক্রিয় করবেন বলে থানা সূত্রে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় জুয়েল সরদারকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিস্ফোরিত ককটেলের আঘাতে জুয়েলের ডান পায়ের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। কেশবপুর থানার পুলিশসহ ডিবি পুলিশ ঘটনাস্থল, হাসপাতাল ও মধ্যকুল জেলেপাড়া এলাকা পরিদর্শন করেছেন।
মধ্যকুলের ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার কান্তি মন্ডল বলেন, আহত জুয়েল সরদার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিকাল ৪টায় এ খবর লেখার সময় কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। আরো ২টি ককটেল সদৃশ্য বস্তু ঘিরে রাখা হয়েছে। বিস্ফোক নিষ্ক্রীয় টিম আসার পর ওই দুটি ককটেল সদৃশ্য বস্তু নিষ্ক্রীয় করা হবে। আহত জুয়েল সরদারকে পুলিশ নজরদারীতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

