ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. রাজনীতি
  9. লাইফ স্টাইল
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সান্তাহারে অবৈধ হারপিক-স্যালাইন কারখানা, ৬ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুমোদনহীনভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরি ও বাজারজাত করার অভিযোগে হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর কারখানা থেকে জব্দ করা অবৈধ পণ্য, নকল মোড়ক ও বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম সান্তাহার পৌর শহরের পাথরকুটা এলাকার মৃত ময়েজ প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সান্তাহার পৌর শহরের পাথরকুটা ও সাহেবপাড়া এলাকায় নিজ বাড়িতে কোনো অনুমোদন ছাড়াই হারপিক ও খাবার স্যালাইন তৈরি করে বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিলেন।

রোববার সকালে সান্তাহার উপহার এলাকায় কয়েকটি দোকানে খাবার স্যালাইন বিক্রির সময় স্থানীয় এক দোকানি তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামিদুল ইসলামকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১১ কার্টন খাবার স্যালাইন জব্দ করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। জিজ্ঞাসাবাদে হামিদুল ইসলাম নিজ বাড়িতে পণ্য তৈরির কারখানা থাকার কথা স্বীকার করেন। এরপর তাঁর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে তৈরি হারপিক ও খাবার স্যালাইন, নকল মোড়ক, বিভিন্ন তৈরির উপকরণ ও অন্যান্য আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হামিদুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা অবৈধ পণ্য, নকল মোড়ক ও অন্যান্য মালামাল ধ্বংস করা হয়।

অভিযানকালে বগুড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক জেসমিন বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।