নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আলোচিত গোবিন্দল ট্রিপল মার্ডার মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মামলায় মোট ২৪ জন আসামির মধ্যে ৫ জনকে মৃত্যুদণ্ড, ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২ জনকে পাঁচ বছর করে কারাদণ্ড, একজনকে এক বছরের কারাদণ্ড, ২ জনকে ছয় মাস করে এবং আরও ২ জনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৪ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, সিদ্দিক ও জসিম। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: জহির উদ্দিন, আজিজুল, উজ্জল, শামসুল হক, মাজেদ মিয়া, মো. মরণ, স্বপন ও সালাউদ্দিন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যান্য সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: শামীম ও হাবু মিয়াকে পাঁচ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মজনুকে এক বছরের কারাদণ্ড, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ছয় মাস করে এবং ছাহেরা ও খাতুনীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। আদালতের এ রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত গোবিন্দল ট্রিপল মার্ডার মামলার বিচারিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

