মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি বাজারে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কিশোর কুমার দাস-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আবর্জনা ফেলে নদী দূষণ এবং সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৩টি মামলায় মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এ সময় স্থানীয় জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার পাশাপাশি বাজার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং সরকারি জায়গা ও রাস্তা অবৈধভাবে দখল না করার বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কিশোর কুমার দাস বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

