ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে বিদ্যুতের তার থেকে আগুন, পুড়ল ৩ পরিবারের বসতভিটা

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

 শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে বিদ্যুতের তার থেকে লাগা আগুনে তিন পরিবারের বসতঘরসহ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দেবগ্রাম গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সুকেশ দেব, বাবুল দেব ও কৃষ্ণ দেবের তিনটি বসতঘর পাশাপাশি ছিল। দুপুরে সুকেশ দেবের ঘরের বিদ্যুতের তার থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই থেকে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে তিন পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল, কম্পিউটার, ল্যাপটপ ও দোকানের মালামালসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফজল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতঘর পুড়ে যাওয়ায় তারা বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি ও বেসরকারিভাবে সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।