ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ছয় হাজার টাকা নিয়ে বেরিয়ে নিখোঁজ, তিন দিন পর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মো: হামিম রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে পারভেজ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের একটি পুরাতন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাড়ি থেকে ছয় হাজার টাকা নিয়ে বের হওয়ার পর পারভেজ আর বাড়িতে ফেরেনি। ওই দিন মায়ের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের ওই পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহের বিভিন্ন শারীরিক চিহ্ন দেখে এটি নিখোঁজ পারভেজের বলে শনাক্ত করেন।

স্থানীয় ইউপি সদস্য সুলতানুল আজম জানান, পারভেজ মাঝেমধ্যে মাদক সেবন করত। পুকুরে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তিনি নিজেই থানায় যোগাযোগ করেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কিশোরটির মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।