ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রকাশের পর সিংগাইরে প্রশাসনের অভিযান ও কারখানা সিলগালা

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে জনবসতিপূর্ণ এলাকায় পরিচালিত অনুমোদনহীন একটি চামড়া পোড়ানোর কারখানায় অভিযান চালিয়ে সেটি বন্ধ করে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। একই দিনে আরও একটি কারখানার কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় চামড়া পোড়ানোর কারখানার ধোঁয়া ও দুর্গন্ধ নিয়ে স্থানীয়দের ভোগান্তির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। গত ১৩ সেপ্টেম্বর জাতীয় দৈনিক আজকের পত্রিকাসহ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে সোমবার কারখানাটিতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় প্রশাসনের কর্মকর্তারা কারখানাটি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের বিষয়ে খোঁজ নেন। সংশ্লিষ্ট অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র না থাকায় কারখানাটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই স্থানে গরুর কাঁচা চামড়া, হাড় ও মাংসসহ বিভিন্ন ধরনের কাঁচামাল পোড়ানোর কাজ চলছিল। কারখানা থেকে নির্গত ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি বসবাসকারীদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছিল। শিশু ও বয়স্কদের নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগও তৈরি হয়।

এদিকে একই দিন ধল্লা ইউনিয়নের ধল্লা মধ্যপাড়া এলাকায় ‘গ্রিন এনার্জি ইন্ডাস্ট্রিজ’ নামে আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের পর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির বলেন, চামড়া পোড়ানোর কারখানাটির প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকায় সেটি সিলগালা করা হয়েছে। একই দিনে আরও একটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।