আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া গ্রামে প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে নুর আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নুর আলম বাঘড়া গ্রামের মৃত রফিজ হাওলাদারের তৃতীয় ছেলে। প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। বিয়ের প্রায় পাঁচ বছর পর তাঁদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। বর্তমানে ওই সন্তানের বয়স প্রায় আট বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর আলম ও তাঁর প্রথম স্ত্রী দুজনই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে একটি ছোট বাসা ভাড়া নিয়ে তাঁরা সংসার করছিলেন। একপর্যায়ে কয়েক মাস আগে নুর আলম তাঁর এক নারী সহকর্মীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে নুর আলম ওই নারী সহকর্মীকে নিয়ে গার্মেন্টসের চাকরি ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান। স্বামীকে খুঁজে না পেয়ে তাঁর প্রথম স্ত্রী ঢাকার বিভিন্ন স্থানে সন্ধান করেন। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) তিনি নিজ গ্রামের বাড়ি বাঘড়ায় ফিরে আসেন।
সেখানে এসে জানতে পারেন, নুর আলম একটি ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে বসবাস করছেন। স্থানীয়দের দাবি, তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে সেখানে বসবাস করছিলেন।
ঘটনাটি জানার পর নুর আলমের প্রথম স্ত্রী ওই ভাড়া বাসায় গিয়ে দ্বিতীয় নারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়।
ঘটনাটি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। সোমবার বিকেল ৪টার দিকে নুর আলমের ফুপা আব্দুল আজিজ খান জানান, তিনি, ব্যবসায়ী আব্দুল কাদের মৃধা ও শাকিল মৃধা উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সুষ্ঠুভাবে মীমাংসার চেষ্টা করছেন।
আব্দুল আজিজ খান বলেন, “আমরা উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। দেখা যাক কী হয়। মীমাংসা সম্ভব না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তবে অভিযোগের বিষয়ে নুর আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

