সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী গ্রামীণ সড়কগুলো নিজ অর্থায়নে সংস্কার করে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক হাজী মোহাম্মদ রুহুল আমিন। তাঁর উদ্যোগে সুদখিরা মোড় থেকে অটো ইটভাটা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়া রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন তিনি। সংস্কারের পর বর্তমানে ওই সড়ক দিয়ে পথচারী ও বিভিন্ন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয়রা জানান, জামির্ত্তা ইউনিয়নের বিভিন্ন এলাকার অবহেলিত ও চলাচলের অনুপযোগী গ্রামীণ সড়কগুলো পর্যায়ক্রমে নিজ অর্থায়নে সংস্কার ও মেরামত করে দিচ্ছেন রুহুল আমিন। জনদুর্ভোগ কমাতে তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। একই সঙ্গে সংস্কার করা সড়কটি স্থায়ীভাবে পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জামির্ত্তা ইউনিয়নের সল্প জ্যাইলা গ্রামের স্থানীয় নাছির মেম্বার, নুরুল ইসলাম, টুকুন ও আক্কাস উদ্দিন বলেন, “তরুণ সমাজের আইকন হাজী মোহাম্মদ রুহুল আমিন। দীর্ঘদিনের ভোগান্তির এই রাস্তাটি তিনি নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রেখে চলেছেন। আমরা তাঁর পাশে আছি।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন রুহুল আমিন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।
‘চেয়ারম্যান হই বা না হই, মানুষের সেবা করে যাব’
নিজ অর্থায়নে রাস্তা সংস্কার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়ে হাজী মোহাম্মদ রুহুল আমিন বলেন, “জনগণ চাইলে আমি চেয়ারম্যান প্রার্থী হতে প্রস্তুত। তবে আমি চেয়ারম্যান হই বা না হই, মানুষের জন্য এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখব। যতদিন বেঁচে থাকব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। প্রান্তিক মানুষের জন্য কাজ করা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

