ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে জমকালো আয়োজনে আসছে গোবিন্দল গোল্ডকাপ, উন্মোচন ট্রফি

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে বহুল প্রতীক্ষিত গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোবিন্দল জনতা সংঘের আয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। মাওলানা জাহিদুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংবাদ সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোবিন্দল গোল্ডকাপের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আশরাফুল আলম রানা।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরে প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু।

তিনি বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং স্থানীয় তরুণ প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের শেষের দিকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশি-বিদেশি তারকা ফুটবলারদের সমন্বয়ে গঠিত ৮টি দল অংশগ্রহণ করবে।

টুর্নামেন্টের পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে দুই ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপার তৈরি ট্রফি এবং রানার্সআপ দলকে এক ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপার তৈরি ট্রফি অথবা সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতার জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু বলেন, খেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মাঠে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।তিনি আরও বলেন, টুর্নামেন্ট সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ আয়োজন আরও উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি মোয়াজ্জেম হোসেন, গোবিন্দল জনতা সংঘের সাবেক সভাপতি আবুল হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য সাহাবুদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন খেলার আয়োজক কমিটির সদস্য শাহানুর ইসলাম, সিংগাইর দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান পরাগ, ইউপি সদস্য খোরশেদ আলম, আবুল কাশেম, আরিফুর রহমান ও সাদেক হোসেন প্রমুখ।

এ সময় গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য এবং জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।