ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ধর্মগড়ে জমজমাট ফুটবল ফাইনাল, পেনাল্টি শটে চ্যাম্পিয়ন শাহনাবাদ একাদশ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

মো. হামিম রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে চাচা-ভাতিজা ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধর্মগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাংমারি একাদশ ও শাহনাবাদ একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে দুই দল ২–২ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে পেনাল্টি শট নেওয়া হয়।

পেনাল্টি শটে প্রথম পাঁচটি করে শট নেওয়ার পরও দুই দল ৫–৫ গোলে সমতায় থাকে। পরে আরও তিনটি করে শট নেওয়া হলে শেষ পর্যন্ত ৮–৭ গোলে চ্যাংমারি একাদশকে পরাজিত করে শাহনাবাদ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মগড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম মাস্টার।

এ সময় স্থানীয় খেলোয়াড় ও এলাকাবাসী ধর্মগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠটি সংস্কারের দাবি জানান। তারা বলেন, মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খেলাধুলার জন্য পুরোপুরি উপযোগী নয়। মাঠটি সংস্কার ও সমতল করা হলে স্থানীয় তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং তারা মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান অতিথি আব্দুল হালিম মাস্টার মাঠটি সংস্কারের আশ্বাস দেন। তিনি বলেন, মাঠটি বর্তমানে খেলাধুলার জন্য পুরোপুরি উপযোগী নয়। আগামী মৌসুমে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্যের মাধ্যমে প্রয়োজনীয় বরাদ্দ নিয়ে মাঠটি সংস্কার করে আরও সুন্দর ও খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। পাশাপাশি এলাকার মাদক বিক্রেতাদের সতর্ক করে দিয়ে মাদকবিরোধী কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক।

টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন ও সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মুসলিম রুলুল মো. শরীফ উদ্দীন।