জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আকতার। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, অভিভাবকদের পক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন ও সাবেক পৌর কমিশনার জাহাঙ্গীর হোসেন।
এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী তাসনিয়া মোস্তফা, দশম শ্রেণির শিক্ষার্থী নুজরাত জাহান ইশফা, মাইশা ফাইরোজ পাটোয়ারীসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সনদ ও বই উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আকতার কৃতি শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন।
কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

