মানিকগঞ্জ প্রতিনিধি:
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে গ্রাহকদের রুফটপ সোলার সিস্টেম স্থাপনে উদ্বুদ্ধকরণ এবং বেসরকারি ‘সার্ভিস প্রোভাইডার’ তালিকাভুক্তির বিষয়ে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিংগাইর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. গোলাম রাব্বানী। এতে সিংগাইর জোনাল অফিসের অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান, গ্রাহক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে জেলা পর্যায়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য বেসরকারি ‘সার্ভিস প্রোভাইডার’ নির্বাচন ও তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অভিন্ন পদ্ধতি অনুসরণ করে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় ‘সার্ভিস প্রোভাইডার’ তালিকাভুক্তির লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সভায় বক্তব্য দেন এজিএম দেব্রত ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন পাওয়ার ইজ কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল হক মুরল ও মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়্যারিং পরিদর্শক দেলোয়ার হোসেন।
এ ছাড়া মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সদস্য ও রাজনীতিবিদ মুহাম্মদ বিপ্লব হোসেনসহ অন্যান্য গ্রাহক সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় রুফটপ সোলার সিস্টেম স্থাপনে গ্রাহকদের উদ্বুদ্ধ করা, সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি গ্রাহকদের মধ্যে সোলার ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং এ খাতের প্রসারে অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ডিজিএম মো. গোলাম রাব্বানী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহকদের সোলার ব্যবহারে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

