আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার সড়কের বাঘড়া তালুকদার বাড়ি মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল নামে এক চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ সময় মোটরসাইকেলটিও সড়কে উল্টে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, ঢাকা-দোহার সড়কটি একটি ব্যস্ততম সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে যাত্রীবাহী রিকশা, অটোরিকশা, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের ভারী যানবাহন চলাচল করে। ব্যস্ত সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সচেতন মহলের অভিমত, সড়ক দুর্ঘটনা রোধে এ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

