নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
পোল্ট্রি খাদ্য, একদিন বয়সী মুরগির বাচ্চা ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরসিংদীর শিবপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন পোল্ট্রি খামারিরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার কুন্দারপাড়ায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক পোল্ট্রি খামারি অংশ নেন। সভা শেষে খামারিরা ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভে অংশ নেওয়া খামারিরা বলেন, পোল্ট্রি খাদ্য, মুরগির বাচ্চা ও ওষুধের দাম ক্রমাগত বাড়ায় মুরগি পালনে তাদের উৎপাদন ব্যয় বেড়েছে। অন্যদিকে, উৎপাদিত মুরগি বাজারে ন্যায্য দামে বিক্রি করতে না পারায় তারা লোকসানের মুখে পড়ছেন।
খামারিদের অভিযোগ, উৎপাদন খরচ বাড়লেও সেই অনুপাতে মুরগির বাজারমূল্য বাড়ছে না। এতে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের অনেক খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে অনেক খামারি পোল্ট্রি ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
বিক্ষোভকারীরা পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের মূল্য সহনীয় পর্যায়ে আনা, বাজারে নজরদারি জোরদার এবং খামারিদের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ সময় খামারিরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

