মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে প্রফেলার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং বীর প্রতীক আব্দুল জব্বার ক্লিনিকের তত্ত্বাবধানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) কপালহর এলাকায় আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে ৬৭০ জন রোগীকে সেবা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, চিকিৎসা কার্যক্রমে ৬৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র দেওয়া হয়। তাঁদের মধ্যে ৫১২ জনকে বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। এ ছাড়া ছানি অপারেশনের জন্য ৮১ জন রোগীকে নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে ৭৫ জন অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া অন্যান্য অস্ত্রোপচারের জন্য আরও ১৫ জন রোগীকে বাছাই করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের জামালপুর শাখার ১২ সদস্যের চিকিৎসক দল এ চিকিৎসাসেবা দেয়। চিকিৎসা ব্যবস্থাপনায় ছিলেন চিকিৎসক রিশাদ রেজা, চিকিৎসক হাসিবুর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. লুৎফর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ক্যাম্প অর্গানাইজার মোতাছিম বিল্লাহসহ সংশ্লিষ্টরা।
সকালে দোয়া ও মোনাজাতের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল আউয়াল আকন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি রেজাউল করিম কাসেমী।
আয়োজকেরা জানান, চিকিৎসা কার্যক্রম বাস্তবায়নে প্রফেলার ফাউন্ডেশন ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা সহযোগিতা করেন। পাশাপাশি ৭১ জন স্বেচ্ছাসেবক চিকিৎসাসেবায় সহযোগিতা করেন। তাঁদের মধ্যে স্থানীয় ২০ জন, উলামা ফাউন্ডেশন নান্দাইলের ৩০ জন, বিভিন্ন মাদ্রাসার ১৫ জন শিক্ষার্থী এবং নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছয়জন গার্লস গাইড সদস্য ছিলেন।
চিকিৎসা কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।দিনব্যাপী চিকিৎসা কার্যক্রম শেষে আয়োজকদের পক্ষ থেকে চিকিৎসক দল, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সহযোগীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

