শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সফিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রোজা মেডিসিন কর্নার ও সাগরিকা ফার্মেসিকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্টদের ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে মেয়াদ এবং গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের সরবরাহ, ক্রয়-বিক্রয় বন্ধে এবং জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

