মো. সালাউদ্দীন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে মসজিদে এশার ফরজ নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মো. আফসার আলী (৭০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের পঞ্চায়েত পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আফসার আলী ওই এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে। তিনি পঞ্চায়েত পাড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাবেক বায়তুল মাল সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে সাইকেল নিয়ে এশার নামাজ আদায় করতে মসজিদে যান আফসার আলী। নামাজের তৃতীয় রাকাতে সিজদারত অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে মুসল্লিরা তাঁকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আফসার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ বেলাল হোসেন।
শোকবার্তায় তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কর্মী ও ইউনিট বায়তুল মাল সম্পাদক মো. আফসার আলীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি যে অবস্থায় ইন্তেকাল করেছেন, তা তাঁর ধর্মীয় অনুরাগ ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার স্মারক।”
তিনি আরও বলেন, ব্যক্তিজীবনে আফসার আলী ছিলেন নম্র, ভদ্র ও অমায়িক স্বভাবের মানুষ। সাংগঠনিক জীবনেও তিনি ছিলেন অনুগত ও একনিষ্ঠ কর্মী। মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করছি।

