ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ

হালিশহর ক্যান্টনমেন্ট কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!



আহমদ রেজা :

‘সৃজনে আনন্দ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, নান্দনিক বোধ জাগ্রত করা এবং সুন্দর মানসগঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানের আর্ট ক্লাবের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের নান্দনিক বোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত বিভিন্ন সহপাঠ্যক্রমিক ক্লাব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আর্ট ক্লাবের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতার অনন্য বহিঃপ্রকাশ ঘটে। আর্ট ক্লাবের আহ্বায়ক ও চারু ও কারুকলা বিষয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দীন ইশতিয়াকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রদর্শনীতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ৫৬৫টি হস্তশিল্প এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ১৬০টি চিত্রকর্ম স্থান পায়।

উদ্বোধনকালে অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় কলেজের উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে প্রদর্শনী পরিদর্শন করে। নিজেদের হাতে তৈরি হস্তশিল্প ও চিত্রকর্ম প্রদর্শিত হতে দেখে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। তাদের চোখেমুখে ফুটে ওঠে সৃজনশীল কাজের প্রতি ভালোবাসা, আগ্রহ ও গর্বের অনুভূতি।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভাকে উৎসাহিত করার পাশাপাশি শিল্পের সৌন্দর্য ও নান্দনিকতা তাদের মননে বিকশিত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

**‘শিল্পের সৌন্দর্যে বিকশিত হোক মন, সৃজনশীলতার রঙে রাঙিয়ে উঠুক আগামীর পৃথিবী’—**এই প্রত্যাশাকে সামনে রেখে আয়োজিত হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।