ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগর অগ্রণী ব্যাংকে প্রতারণার শিকার গ্রাহকদের মানববন্ধন, টাকা ফেরতের দাবি

অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অগ্রণী ব্যাংকে টাকা জমা রেখে প্রতারণার শিকার হওয়া গ্রাহকরা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (২ নভেম্বর ২০২৬) ব্যাংকের শ্রীনগর প্লাজা শাখার সামনে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে শত শত গ্রাহক অংশ নেন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তাঁদের একটাই দাবি—ব্যাংকে টাকা জমা রেখেছেন, তাই সেই টাকা ব্যাংক কর্তৃপক্ষকে ফেরত দিতে হবে।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, প্রায় দেড় মাস আগে ব্যাংকে গ্রাহকদের অর্থ আত্মসাতের ঘটনা প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত তাঁদের টাকা ফেরতের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি। এমনকি কতজন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন এবং কত দিনের মধ্যে তাঁদের জমাকৃত অর্থ ফেরত দেওয়া সম্ভব, সে বিষয়েও কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না।

এ অবস্থায় চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের। তাঁরা দ্রুত সময়ের মধ্যে তাঁদের জমাকৃত টাকা ফেরত দেওয়ার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, ওই ব্যাংকের ক্যাশ অফিসার শরিফুজ্জামান সোহাগ গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা ব্যাংকের ক্যাশে জমা না দিয়ে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রাহকরা প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারেন।

পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোহাগকে আটক করে। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে ব্যাংকটির ব্যবস্থাপকসহ আরও পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন। তবে গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরত পাওয়ার বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সমাধান মেলেনি।