ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে রাতের আঁধারে কালীগঙ্গায় বালু উত্তোলন, দুটি ড্রেজার ভাঙচুর

অনলাইন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার আটক করে ভাঙচুর করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার চন্দহর ইউনিয়নের চর ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোরসালিন, মাসুদ ও মোস্তাকিমের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ থেকে ২৫ দিন ধরে রাতের আঁধারে কালীগঙ্গা নদীর তীর ও মাঝনদী থেকে বালু উত্তোলন করে নবাবগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। বড় ড্রেজার ও বালুবাহী ট্রলারের মাধ্যমে কৌশলে এ কার্যক্রম পরিচালনা করা হতো বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি গভীর রাতে বালু উত্তোলনের সময় স্থানীয় লোকজন দুটি ড্রেজার আটক করেন। এ সময় ড্রেজার দুটির বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘আমার ভাগিনার কাছ থেকে জানতে পারি, নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। পরে বিষয়টি দেখতে যাই। সরাসরি গেলে আমাদের দেখে বালু উত্তোলন বন্ধ করে দিতে পারে, তাই মাছ ধরার কৌশলে সেখানে যাই। গিয়ে দেখি, ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।’

স্থানীয় যুব কমিটির সাধারণ সম্পাদক মহেল শিকদার বলেন, ‘এর আগে বালু উত্তোলনের কারণে আমাদের এলাকার শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন আবার বালু উত্তোলন করা হচ্ছে। এতে নতুন করে গড়ে তোলা আমাদের বসতবাড়িগুলোও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

স্থানীয় প্রবীণ বাসিন্দা আশরাফ আলী বলেন, ‘আগের সরকারের আমলে বালু উত্তোলনের কারণে আমরা বসতবাড়ি হারিয়েছি। পরে আবার বাড়িঘর তৈরি করেছি। এখন বর্তমান সরকারের আমলেও যদি এভাবে বালু উত্তোলন করা হয়, তাহলে আমরা কোথায় যাব? আমরা নিরুপায়।’

স্থানীয় ইউপি সদস্য দ্বীন ইসলাম বলেন, ‘নদীর ওপারে নবাবগঞ্জ থানা এলাকা। সেখান থেকে লোকজন রাতের আঁধারে এসে সিংগাইর অংশ থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা জানান, গত ২০ থেকে ২৫ দিন ধরে নিয়মিতভাবে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আগের মতো আবারও তাঁদের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত মোরসালিন, মাসুদ ও মোস্তাকিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি আমি শুনেছি। ইতিমধ্যে এ বিষয়ে তদন্তের জন্য নায়েবকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে থাকলে, তিনি যে-ই হোন না কেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’