মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে পারিবারিক জমির বিরোধ সালিশের নামে টাকা নেওয়া ও আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন ইউনিয়নবাসী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর বাজারে ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন এবং ইউপি সদস্য মাহাতাব আলী প্রামাণিকের বিরুদ্ধে পারিবারিক জমির বিরোধ সালিশের নামে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে ৫০ হাজার টাকা ‘খাটুনির মজুরি’ হিসেবে রেখে দেওয়ার অভিযোগ করেছেন বৈকুণ্ঠপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী তাহমিনা বেগম।
অভিযুক্ত চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন উপজেলার পাতকোলা গ্রামের বাসিন্দা এবং ইউপি সদস্য মাহাতাব আলী প্রামাণিক বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এরই পরিপ্রেক্ষিতে ইউনিয়নবাসী অভিযুক্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বৈকুণ্ঠপুর গ্রামের রবিউল ইসলাম, নূর ইসলাম, অভিযোগকারী তাহমিনা বেগমসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, একজন অসহায় নারীর কাছ থেকে সালিশের নামে টাকা নেওয়ার অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তারা অভিযুক্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টা বা তিন দিনের মধ্যে অভিযুক্তরা টাকা ফেরত না দিলে তাদের বাড়ি ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে প্রশাসনের কাছে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে ইউনিয়নবাসী একটি র্যালি বের করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বৈকুণ্ঠপুর বাজার। র্যালি থেকে অভিযুক্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যের বহিষ্কার এবং টাকা ফেরতের দাবিতে স্লোগান দেওয়া হয়।
তবে অভিযুক্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

