ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোয়ালমারীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২০

অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সাড়ে সাত ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের দুলজোড়া ব্রিজ ও আশপাশের এলাকায় এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরমেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর এবং পার্শ্ববর্তী সালথা উপজেলার খারদিয়া গ্রামের বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে শনিবার (২৯ আগস্ট) ময়েনদিয়া বাজারে জিহাদ গ্রুপের সোলায়মান মাতুব্বরের ওপর হামলার ঘটনা ঘটে। তাকে উদ্ধার করতে গিয়ে বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে খারদিয়া গ্রামের হুমায়ুন খান, রফিক মোল্লা ও ইলিয়াস কাজীর অনুসারীদের সঙ্গে চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের অনুসারীদের সংঘর্ষ শুরু হয়। প্রথমে দুলজোড়া ব্রিজ এলাকায় সংঘর্ষের সূত্রপাত হলেও পরে তা আশপাশের কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে।

বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে পরমেশ্বর্দী গ্রামের কবির মোল্লা, কামরুল মোল্লা ও লোকমান মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যান্য আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত দুই পক্ষের নেতাদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শাওন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।