মো: হামিম রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল নদীপাড়া এলাকায় তীরনই নদীতে ডুবে এহেসান ইসলাম (৪) ও কাউসার (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এহেসান ইসলাম নদীপাড়া গ্রামের জাহানুর ইসলামের ছেলে এবং কাউসার একই এলাকার কালামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা তীরনই নদীর পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে দুই শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
দুই শিশুর একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।


