সাদ্দাম হোসেন সাজ্জাদ, টেকনাফ প্রতিনিধি:
ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং সেড (SHED) ও অ্যাকশনএইড বাংলাদেশের বাস্তবায়নে কক্সবাজারের টেকনাফে ‘Solidarity Gathering’ বা সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) একই সময়ে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও মৌলভীবাজার-নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচি আয়োজন করা হয়।
ক্যাম্প-২৪ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রায় চার শতাধিক মানুষের সমাগম ঘটে। একই সময়ে মৌলভীবাজার-নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও স্থানীয়দের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই স্থানের অনুষ্ঠান টকির মাধ্যমে পারস্পরিক সমন্বয় করা হয়।
ক্যাম্প-২৪-এর অনুষ্ঠান পরিচালনা করেন সুরমা ইয়ুথ পিস ক্যাফের ইয়ুথ পিসবিল্ডার আদনান সামি। শপথ পাঠ করান পিস চ্যাম্পিয়ন মোহাম্মদ ইরফান। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুর রহমান ও বিবি জাহান।
অনুষ্ঠানে চামচ-মার্বেল, বস্তা দৌড়, লুডুসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
ক্যাম্প-২৪-এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্প ইনচার্জ (CIC) শাহরিয়ার বিন মান্নান। এ সময় ক্যাম্পের প্রকৌশল ফোকাল ক্লিন্টনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মৌলভীবাজার-নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রাহামা আক্তার। খেলাধুলা পরিচালনা করেন তানজিনা হাসান জয়া, কাকন দাস ও হালিমা। শপথ পাঠ করান তানজিনা হাসান জয়া।
বিদ্যালয় প্রাঙ্গণে চামচ-মার্বেল খেলা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা, শান্তি ও সামাজিক সংহতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


