শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক। এর আগে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্বে কলিম উদ্দিন আহমদ মিলন দেশের ডাক ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় জাতীয় সংসদে তুলে ধরবেন। বিশেষ করে গ্রামীণ এলাকার দুর্বল নেটওয়ার্ক, ইন্টারনেট সেবার সীমাবদ্ধতা এবং ডাক বিভাগের আধুনিকায়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সদস্য আশরাফুর রহমান এনাম ও ইউপি বিএনপির সদস্য নজির আহমদ বলেন, কলিম উদ্দিন আহমদ মিলনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা এ দায়িত্ব পালনে সহায়ক হবে। একই সঙ্গে ছাতক-দোয়ারাবাজারের মানুষের বিভিন্ন সমস্যা তিনি জাতীয় পর্যায়ে তুলে ধরবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ তার সফলতা কামনা করে বলেন, ডাক ও টেলিযোগাযোগ খাতে জনবান্ধব সেবা নিশ্চিত করা এবং অনিয়ম দূর করতে সংসদীয় স্থায়ী কমিটি কার্যকর ভূমিকা রাখবে।


