শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও মাদক নির্মূলে জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জের মধ্যনগরে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মধ্যনগর বাজারের বি.পি. উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এলাকার সুধীজন, শিক্ষক, রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন শাহীন পিপিএম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এম এ মান্নান, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এম শহিদ এবং হেফাজতে ইসলামীর সভাপতি মাওলানা আ. কুদ্দুছসহ অন্যরা।
সভায় বক্তারা বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও মাদকের ভয়াবহ কুফল তুলে ধরেন। এসব সামাজিক ব্যাধি নির্মূলে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক মিনহাজুর রহমান।
তিনি বলেন, “খুব শিগগিরই মধ্যনগর উপজেলায় ভূমি কমিশনার পদায়ন করা হবে। উপজেলার অবকাঠামো নির্মাণকাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
জেলা প্রশাসক আরও বলেন, “উপজেলার শতবর্ষী পুকুরের অবৈধ দখল উচ্ছেদ করে এটিকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
পরে জেলা প্রশাসক বি.পি. উচ্চ বিদ্যালয়, মধ্যনগর থানা ও ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি বি.পি. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
জেলা প্রশাসকের এ সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে নারী ও শিশুর নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং উপজেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে।


