এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর :
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদকসেবীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান নিজ কার্যালয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকার এসহাক কারীর ছেলে মো. ইকবাল হোসেন রকি (২৪), পূর্ব বড়ালী গ্রামের আবুল বাশারের ছেলে সাকিব হোসেন (২৭) এবং কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার আলাউদ্দিন মিয়ার ছেলে মো. আল আমিন (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুল হক, জুয়েল মিয়া ও জুমায়েত হোসেন জুয়েল উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে ৩ পিস ইয়াবাসহ মো. ইকবাল হোসেন রকিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সময়ে বর্ডার বাজার এলাকা থেকে ৪ পিস ইয়াবাসহ সাকিব হোসেনকে ২০ দিন এবং ১২ গ্রাম গাঁজাসহ মো. আল আমিনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
রায় প্রদান শেষে জব্দকৃত মাদকদ্রব্য প্রকাশ্যে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান বলেন, “মাদকের হাত থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অপরাধ দমনে আমাদের জিরো টলারেন্স নীতি ও কঠোর অবস্থান ভবিষ্যতেও বলবৎ থাকবে।”


