ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে সামান্য বৃষ্টিতেই পানিবন্দি মণিপাড়া, স্থায়ী সমাধানের দাবি

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া মণিপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। নিচু এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৬০টি বসতবাড়ির প্রায় তিন শতাধিক বাসিন্দা।

বৃষ্টির পর দিনের পর দিন রাস্তা ও বাড়ির আশপাশে পানি জমে থাকে। নোংরা ও আবর্জনাযুক্ত পানি মাড়িয়ে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, নারী, শিশু ও বয়স্কদের চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অন্যদিকে পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের দাবি, জলাবদ্ধ পানির কারণে অনেকেই জ্বর, হাঁচি-কাশিসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা চললেও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে প্রতিবার বৃষ্টি হলেই নতুন করে দুর্ভোগ শুরু হয়।

এদিকে জলাবদ্ধতা সমস্যা সমাধানে মুন্সিগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লার নির্দেশনায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও উপজেলা প্রকৌশলী এলাকাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মণি সম্প্রদায়ের মাতব্বর সুবাস দাস।

তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে বসবাস করছি। সামান্য বৃষ্টিতেই ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। সংশ্লিষ্টরা এলাকা পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনো কোনো কাজ শুরু হয়নি।”

স্থানীয়রা আরও জানান, চলাচলের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে নিজেরাই জলাবদ্ধ পানির ওপর বালুর বস্তা ফেলে অস্থায়ীভাবে রাস্তা পারাপারের ব্যবস্থা করেছেন। এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, অস্থায়ীভাবে বালুর বস্তা ফেলে চলাচলের ব্যবস্থা করে এই সমস্যার সমাধান হবে না। জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, খাল বা নালা পুনঃখননসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে।

মণিপাড়ার বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।