শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে অনুমোদনহীন ভাবে স্লিপার কোচ পরিচালনা এবং বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি পরিবহন কোম্পানিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জেলা প্রশাসন।
শুক্রবার ০৫/০৯/২০২৬ তারিখ রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের সদর থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন কাউন্টারে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেয় র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জেলা প্রশাসনের একটি দল।
র্যাব-৯ সিলেটের অধিনায়ক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী, মোটরযান ক্যাটাগরি, আসন বিন্যাস ও রুট পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু কিছু পরিবহন কোম্পানি আইন অমান্য করে চেয়ার কোচকে স্লিপার/বেডে রূপান্তর করে যাত্রী পরিবহন করছিল।
অভিযানে বেঙ্গল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা এবং IMPERIAL পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৯ এর অধিনায়ক বলেন, “মাদক উদ্ধার, সন্ত্রাস, টিকেট কালোবাজারি ও ভেজালবিরোধী অভিযানের পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

