মোঃ ইলিয়াছ খান, বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

