ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ফসলি জমিতে অনুমোদনহীন সীসা কারখানার অভিযোগ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ফসলি জমি ভাড়া নিয়ে অনুমোদনহীনভাবে সীসা তৈরির একাধিক কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। পুরোনো ব্যাটারি ভেঙে সীসা ও প্লাস্টিক আলাদা করা এবং বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় সীসা উৎপাদনের ফলে পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা এলাকায় আজাদ নামে এক ব্যক্তি ফসলি জমি ভাড়া নিয়ে এ ধরনের একটি কারখানা পরিচালনা করছেন বলে স্থানীয়দের অভিযোগ। একইভাবে বৈলর ইউনিয়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিল্লাহ নামে অপর এক ব্যক্তি একই ধরনের আরেকটি কারখানা গড়ে তুলেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, এসব কারখানায় প্রায় অর্ধশত শ্রমিক কাজ করছেন। দিনের বেলায় পুরোনো ব্যাটারি ভেঙে সীসা ও প্লাস্টিক আলাদা করা হয়। আর রাতের বেলায় ব্যাটারির বর্জ্য ও বিভিন্ন রাসায়নিক পদার্থ পোড়ানো হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এসব কার্যক্রমের কারণে এলাকায় তীব্র ঝাঁজালো গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিজমি ও ফসলের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছাইফুল ইসলাম ফরাজী ও স্থানীয় বাসিন্দা নাহিদ অভিযোগ করে বলেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশাসনের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় পরিবেশদূষণের মাত্রা বাড়ছে বলেও দাবি করেন তারা।

অভিযোগের বিষয়ে একটি কারখানার ব্যবস্থাপক আবুল কালাম অনুমোদনের ঘাটতির কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে তিনি স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে ব্যবসা পরিচালনার কথা জানিয়েছেন। অন্যদিকে বৈলর ইউনিয়নের কারখানার মালিক বিল্লাহ অনুমোদনের বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা হাম্মিম জাহান বলেন, সীসা ও অ্যাসিডজাতীয় ক্ষতিকর পদার্থ মাটিতে মিশলে দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে দূষিত পরিবেশে উৎপাদিত কৃষিপণ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক শেখ মো. নাজমুল হুদা এবং ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে অনুমোদনহীন ও পরিবেশদূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ফসলি জমি রক্ষা ও পরিবেশদূষণ বন্ধে দ্রুত তদন্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।