মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৫ হাজার ৩৩৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের তথ্যে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন এবং জেনারেল হাসপাতালে ২১ জন ভর্তি আছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ২৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ১০ জন এবং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত দুই হাসপাতাল থেকে মোট ৫ হাজার ৯৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৪৫ জনের মধ্যে ফরিদপুর জেলার ৩৬ জন এবং অন্যান্য জেলার ৯ জন রোগী রয়েছেন। তবে এ সময়ে নতুন করে কোনো পজিটিভ রোগী শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নতুন কোনো রোগী শনাক্তের তথ্য পাওয়া যায়নি। তবে বছরের শুরু থেকে এ পর্যন্ত আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

