মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, (ময়মনসিংহ)
ময়মনসিংহের ত্রিশালে একটি যাত্রীবাহী ভ্যানকে বাসের ধাক্কা দেওয়ার পর সড়কে ছিটকে পড়া যাত্রীদের ওপর বাস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানে থাকা আরও কয়েকজন যাত্রী।
আজ ৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে ত্রিশাল উপজেলার সাইফুল কমিশনার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের অভিযোগ, সড়কের ওই এলাকায় ভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগতির বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান।
অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পর বাসচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সড়কে পড়ে থাকা একজন যাত্রীর ওপর দিয়েও বাসটি চালিয়ে দেওয়া হয়, এতে ওই নারীর মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের নাম-পরিচয় এবং তাদের বর্তমান অবস্থা জানার চেষ্টা চলছে।
ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানানো হয়।

