মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর প্রতিনিধি:
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. তাশেম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজাদ মাতুব্বার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু নিজের নাম লেখা বা স্বাক্ষর করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নতুন কিছু সৃষ্টি করা এবং নিজের জীবন পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষা মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করে এবং সমাজে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে তুলতে। তাই দেশের প্রতিটি মানুষের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নিরক্ষরতা দূরীকরণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

