ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে নতুন নম্বর প্লেটের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

 শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের সভাপতি সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পাভেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আফজাল মিয়া, গণি মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে পৌর প্রশাসনের অভিযান বন্ধ করতে হবে। একই সঙ্গে নতুন লাইসেন্স প্রদান, পৌর এলাকার বাইরে বিতরণ করা লাইসেন্স যাচাই-বাছাই করে জব্দ বা বাতিল এবং একক মালিকানায় একাধিক লাইসেন্স প্রদানের অনিয়ম তদন্ত করতে হবে। প্রকৃত শ্রমিকদের অটোরিকশা চালানোর সুযোগ নিশ্চিত করারও দাবি জানান তারা।

বক্তারা বলেন, সুনামগঞ্জ পৌর শহরের অটোরিকশার মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে জড়িত। তাদের কষ্টার্জিত আয়ের ওপর নির্ভর করেই পরিবার-পরিজনের ভরণপোষণ চলে। কিন্তু বর্তমানে পৌর প্রশাসনের অভিযান, লাইসেন্স-সংক্রান্ত জটিলতা ও বৈষম্যের কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন।

তারা আরও বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা চালানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হলে হাজারো পরিবার মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে। তাই দ্রুত নতুন নম্বর প্লেট প্রদানসহ লাইসেন্স-সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রকৃত মালিক-শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে বক্তারা দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি পৌর প্রশাসনের কাছে জমা দিতে গেলে পৌর প্রশাসক তা গ্রহণ করেননি বলে অভিযোগ করেন তারা।