আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এ বছর বর্ষাকালে মুষলধারে বৃষ্টির কারণে নিম্নাঞ্চলের বিভিন্ন সবজি বাগানে পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বাগানের বিভিন্ন ধরনের সবজি পচে নষ্ট হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় সবজি চাষিরা।
সফল সবজি চাষি আব্দুল গফুর জানান, তিনি সারা বছর বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। বাগানে উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে যে আয় হয়, তা দিয়েই তার সংসার চলে। কিন্তু অতিবৃষ্টির কারণে তার সবজি বাগানগুলো পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় জলাবদ্ধ থাকায় বাগানের অধিকাংশ সবজি পচে নষ্ট হয়ে গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
চাষিদের দাবি, অতিবৃষ্টির কারণে শুধু বাগানের সবজি নষ্ট হয়নি, এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। সরবরাহ কমে যাওয়ায় বর্তমানে বিভিন্ন বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী।
সচেতন মহলের মতে, উপজেলার বিভিন্ন খালের মুখ বন্ধ থাকা, খাল ভরাট হয়ে যাওয়া এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য অতিবৃষ্টিতেই নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
তাদের মতে, দ্রুত খালগুলো পুনঃখনন এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হলে শ্রীনগরের জলাবদ্ধতা সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সবজি চাষিদের জন্য প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

