মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু (ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশালে সিএনজিচালিত অটোরিকশা ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ত্রিশাল থানাধীন ৪ নং কানিহারী ইউনিয়নের তিরখী এলাকায় কালির বাজার-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালক জসিম মিয়া (৩৮), পিতা- মো. মফিজ উদ্দিন, সাং- সুতিয়াখালী, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ যাত্রী নিয়ে গফরগাঁও থেকে ময়মনসিংহের দিকে আসছিলেন। পথে তিরখী এলাকায় জনৈক সিএনজি চালক শাজাহানের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রেজি. নং ট-২৪-১৩৬ এর একটি বালুবাহী ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে সিএনজিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি চালক জসিম মিয়া নিহত হন। এসময় সিএনজিতে থাকা ২ জন নারী ও ৩ জন পুরুষ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ত্রিশাল থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

