মোঃ আশরাফুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর কলেজ রোড বাজারে পাশাপাশি থাকা তিনটি গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরিডে ফ্যাশন নামের দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নাগরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি গার্মেন্টসের দোকানের অধিকাংশ মালামাল এবং ক্যাশে থাকা নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
এ সময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি নাগরপুরে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

