শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আবেদন করা এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। মৃত মো. ওয়াহেদ আলীর পরিবারের হাতে ২০ হাজার টাকা মূল্যের দোকানের মালামাল সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষখলা বাজারে সরেজমিনে উপস্থিত হয়ে ওয়াহেদ আলীর স্ত্রীর হাতে এ সহায়তা তুলে দেন মধ্যনগর উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ।
জানা গেছে, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বান্দ্রা গ্রামের বাসিন্দা মো. ওয়াহেদ আলী কয়েক মাস আগে স্বাবলম্বী হওয়ার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করেছিলেন। তবে সহায়তা পাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে তাঁর অসহায় পরিবারের জন্য সহায়তা অনুমোদন করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তাঁর স্ত্রীর হাতে দোকানের প্রয়োজনীয় মালামাল তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের স্বাবলম্বী করাই আমাদের লক্ষ্য। সরকারের এই ক্ষুদ্র সহায়তা যেন তাঁর পরিবারের ভাগ্য বদলে দেয়, সেই প্রত্যাশা করি। এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ প্রতিনিধি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি সমাজসেবা অধিদপ্তরের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “সমাজসেবা অধিদপ্তরের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন সহায়তা পেলে অসহায় পরিবারগুলো ঘুরে দাঁড়াতে পারবে।”
সহায়তা পেয়ে ওয়াহেদ আলীর স্ত্রী আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার স্বামী বেঁচে নেই, অনেক কষ্টে সংসার চালাই। সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে, এ জন্য আমি সমাজসেবা অফিসার স্যারকে ধন্যবাদ জানাই। এই মালামাল দিয়ে দোকান চালিয়ে ছেলে-মেয়ে নিয়ে বাঁচতে পারবো।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সময়ের বুলেটিন-এর মধ্যনগর প্রতিনিধি কাইয়ুম বাদশাহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীরা।
অসহায় পরিবারটির স্বাবলম্বী হওয়ার পথে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

