ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগ, বিপাকে শিক্ষার্থী-শিশু-বয়স্করা

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী:

সারাদেশের মতো মুন্সীগঞ্জের শ্রীনগরেও ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন শিশু ও বয়স্করা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনে বিদ্যুতের আসা-যাওয়া কিছুটা সহনীয় হলেও রাতের বেলায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। বিদ্যুতের বিকল্প হিসেবে অনেক পরিবার এনার্জি বাল্ব ব্যবহার করছেন। সাধারণত একবার চার্জ দিলে এসব বাল্ব কয়েক ঘণ্টা পর্যন্ত আলো দেওয়ার কথা থাকলেও ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে সঠিকভাবে চার্জ হচ্ছে না। ফলে রাতে বিদ্যুৎ চলে গেলে অনেক পরিবারকে অন্ধকারে পড়তে হচ্ছে।

এতে শিক্ষার্থীদের পড়াশোনা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিশু ও বয়স্কদেরও দুর্ভোগ বেড়েছে। তীব্র গরমে অনেকেই জ্বর, সর্দি, হাঁচি, কাশি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতিও। ফ্রিজ, বৈদ্যুতিক পাখা, এয়ার কুলারসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন ব্যবহারকারীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, সারাদেশে বিদ্যুতের ঘাটতি থাকলেও শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বেশি। তাদের দাবি, একটানা দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ না রেখে পরিকল্পিত ও সহনীয় মাত্রায় লোডশেডিং করা হলে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমবে।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “বিদ্যুতের ঘাটতি থাকলে লোডশেডিং করতেই হবে। তবে ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া না করে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এবং সহনীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতেন।”

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা জানান, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারাও চেষ্টা করছেন। যতটুকু সম্ভব সহনীয় পর্যায়ে লোডশেডিং রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান তারা।