মো: সালাউদ্দীন – পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপে পরীক্ষার প্রশ্ন দেওয়ার অভিযোগ ওঠা শিক্ষক মহাদেব চন্দ্র রায়কে এবার লালমনিরহাটের পাটগ্রামে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) পদে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহাদেব চন্দ্র রায়কে জনস্বার্থে বদলি করা হয়েছে। তাকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে বিমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ন থেকে তাৎক্ষণিকভাবে বিমুক্ত বলে গণ্য হবেন।
এর আগে গত ১ জুলাই মহাদেব চন্দ্র রায়ের বিরুদ্ধে অর্ধবার্ষিক পরীক্ষার আগে দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের একটি অংশ তার কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপে পাঠানোর অভিযোগ ওঠে। ওই সময় প্রতিবেদকের হাতে আসা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র মিলিয়ে একই প্রশ্ন হুবহু পাওয়া যায়। পরবর্তীতে বিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।
উল্লেখ্য, এর আগেও সহকারী শিক্ষক মহাদেব চন্দ্র রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে ও বিশেষ কোচিং ক্লাসে বাধ্য করার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, তার কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় নম্বর কম দেওয়া হতো। বিষয়টি সে সময় জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

