শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার রায়েরচালা বাজারে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুল আলীমের উচ্ছৃঙ্খল চলাফেরা, আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। একই সঙ্গে তার বিরুদ্ধে আপন বোন মোরশেদা, বোনজামাই মুমিন এবং বড় ভাইয়ের স্ত্রী লিপি আক্তারের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগও করেন তারা।
মানববন্ধনে বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, বাগানবাড়ি এলাকায় আব্দুল আলীম ‘দারুল আকরাম মহিলা মাদ্রাসা’ পরিচালনা করেন। মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করে তা ব্যক্তিগতভাবে ভোগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মানববন্ধন ও বিক্ষোভ থেকে এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। একই সঙ্গে অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তবে অভিযোগগুলোর বিষয়ে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বক্তব্য জানা যায়নি।

