শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রত্যাশায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, রোজ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আসন্ন নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ১ নং ক্রমিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলাকার পরিচিত সামাজিক ব্যক্তিত্ব মোঃ আমিনুল ইসলাম। শিক্ষা, শান্তি ও প্রগতি স্লোগানকে সামনে রেখে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এ বিষয়ে প্রার্থী মোঃ আমিনুল ইসলাম বলেন, “মহিষখলা উচ্চ বিদ্যালয় আমার প্রাণের প্রতিষ্ঠান। আমি নির্বাচিত হলে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করব। আমি সকল অভিভাবকের দোয়া ও ১ নং প্রতীকে মূল্যবান ভোট প্রত্যাশা করছি।”
এদিকে স্থানীয় অভিভাবকদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “আমিনুল ইসলাম একজন ভালো মনের মানুষ, তিনি সবসময় এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকেন। তিনি নির্বাচিত হলে আমাদের স্কুলের অনেক উন্নতি হবে।”
আরেক অভিভাবক বলেন, “আমাদের ছেলে-মেয়েরা এই স্কুলে পড়ে। আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি আমাদের কথা বুঝবেন। আমিনুল ইসলাম সেই যোগ্য ব্যক্তি।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

