ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর বাজার এলাকায় এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে প্রায় ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তর সরকার (২৮) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরতপুর বাজারের কাছাকাছি এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত অন্তরের বাবা নিতাই সরকার জানান, তাদের বাড়ি কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়। হযরতপুর বাজারে ‘ঋতু জুয়েলারি’ নামে তাদের একটি দোকান রয়েছে। সেখানে তিনি, তার ছেলে অন্তর ও ফুফাতো ভাই রাজিব (২৫) কাজ করেন।
তিনি বলেন, সন্ধ্যায় দোকান বন্ধ করে তারা তিনজন একটি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। বাজার থেকে কিছুদূর যাওয়ার পর তিনটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে অটোরিকশাটির গতিরোধ করে। একপর্যায়ে অন্তরকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার বাম পায়ে গুলি লাগে।
অভিযোগ অনুযায়ী, এরপর দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রাজিবের পায়ে স্প্লিন্টারের আঘাত লাগে। পরে অন্তরের হাতে থাকা একটি টিফিন ক্যারিয়ার ছিনিয়ে নিয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।
নিতাই সরকারের দাবি, ওই টিফিন ক্যারিয়ারে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ছিল। নিরাপত্তার কারণে তারা টিফিন ক্যারিয়ারে করে স্বর্ণালংকার পরিবহন করতেন বলেও জানান তিনি।
ঘটনার পর আহত অন্তর ও রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান জানান, অন্তর ও রাজিব নামে দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

