ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরের চান্দহর নদীতে কচুরিপানা অপসারণ অভিযান শুরু

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর নদীর জীববৈচিত্র্য রক্ষা ও স্বাভাবিক পানি প্রবাহ সচল রাখতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চান্দহর বাজারসংলগ্ন নদীপথে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নদীর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা এবং জীববৈচিত্র্য রক্ষায় কচুরিপানা অপসারণের উদ্যোগ গুরুত্বপূর্ণ। নদী, খাল ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলেও সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। পাশাপাশি পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটা এবং তিন ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কিশোর আহমেদ ও উপজেলা প্রকৌশলী মো. গোলাম সামদানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. আমজাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন চান্দহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান সরদার। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে নদীতে অতিরিক্ত কচুরিপানা জমে পানি প্রবাহ ও নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কচুরিপানা অপসারণে একটি আধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে। মেশিনের সাহায্যে নদীতে জমে থাকা কচুরিপানা কেটে অপসারণ করা হবে। এতে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি নদীর জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।