মো. কামরুল হোসেন সুমন, মনপুরা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনায় রয়েছেন সমাজসেবক মো. শাহাদুল ইসলাম শাহীন। তিনি বিভিন্ন হাটবাজারে ভোটারদের সঙ্গে গণসংযোগ করে দোয়া ও সমর্থন কামনা করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে শাহাদুল ইসলাম শাহীন এলাকায় পরিচিত। তিনি সাবেক দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বর্তমানে মনপুরা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাকুচিয়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কথা জানিয়েছেন তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা। তাঁদের দাবি, সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি খেলাধুলার প্রতিও তাঁর আগ্রহ রয়েছে বলে জানান স্থানীয়রা। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত রয়েছেন।
সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে ভোটারদের সঙ্গে দেখা করে নিজের প্রার্থিতার বিষয়ে মতবিনিময় করছেন শাহাদুল ইসলাম শাহীন। এ সময় তিনি স্থানীয়দের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন বলে জানা গেছে।
শাহাদুল ইসলাম শাহীন বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা তাঁর পথচলার অনুপ্রেরণা। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ভেদাভেদ না করে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করতে চান তিনি।
তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, তরুণদের জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধি, নাগরিক সেবা সহজীকরণ এবং ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিতে চান। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও জানান তিনি।
আগামী নির্বাচনে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, আস্থা ও সহযোগিতা কামনা করেছেন শাহাদুল ইসলাম শাহীন।

